ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন করে বাসভাড়া বৃদ্ধিকে অযৌক্তিক দাবি করে ছাত্রদের হাফ ভাড়া পুনর্বহাল এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবি জানিয়েছেন যাত্রী ও শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সরকার নির্ধারিত হারে ভাড়া বাড়ার কথা থাকলেও বাস্তবে বাস মালিকরা তার চেয়ে বেশি ভাড়া আদায় করছেন।
তাদের দাবি, সরকার ঘোষিত প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বৃদ্ধির হিসাবে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সর্বোচ্চ ২ টাকার কিছু বেশি বাড়ার কথা থাকলেও ১ মে থেকে ভাড়া ৫০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা করা হয়েছে। এছাড়া আগে শিক্ষার্থীদের জন্য চালু থাকা ৩০ টাকার হাফ ভাড়াও বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে। এ নিয়ে প্রতিবাদ করলে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও উঠেছে।
ভুক্তভোগীদের মতে, ভাড়া পুনর্নির্ধারণের আগে যাত্রী প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা জনস্বার্থবিরোধী। তাই দ্রুত অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও ছাত্রদের জন্য আগের হাফ ভাড়া পুনরায় কার্যকর করার দাবি জানিয়েছেন তারা।

