ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দায়ের হওয়া ১০টি মামলায় দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববার (১০ মে) আপিল বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ দেন।
জানা গেছে, গত বছরের ৯ মে ভোররাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত তার পারিবারিক বাসভবন ‘চুনকা কুটির’ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেলিনা হায়াৎ আইভীকে আটক করে। এ সময় বাসার সামনে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পরে তাকে রাজধানীতে নেওয়া হয় এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তারের পর তার আইনজীবীরা দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হয়রানি করা হচ্ছে। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জানায়, দায়ের হওয়া মামলাগুলোর তদন্তের স্বার্থেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পরবর্তীতে হাইকোর্ট প্রথমে পাঁচটি মামলায় সেলিনা হায়াৎ আইভীকে জামিন দেন। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পর আপিল বিভাগ সেই জামিন স্থগিত করেন।
এরপর গত ১৮ নভেম্বর আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২৬ ফেব্রুয়ারি ওই পাঁচ মামলায়ও জামিন মঞ্জুর করেন।
সবশেষে আজ আপিল বিভাগ ১০ মামলায় দেওয়া জামিন বহাল রাখার আদেশ দিয়েছেন। এর ফলে এসব মামলায় তার মুক্তির পথে আইনগত জটিলতা অনেকটাই কমেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

