ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের বন্দর এলাকার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত সোহেল ওরফে ‘ক্যাডার সোহেল’কে গ্রেফতার করেছে র্যাব-১১। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বন্দরের মদনপুর আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১১ জানায়, দীর্ঘদিন ধরে সোহেল ও তার বাহিনী বন্দর ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। নতুন ভবন নির্মাণ, ব্যবসা পরিচালনা কিংবা নদীপথে পণ্য পরিবহনের ক্ষেত্রেও তার বাহিনীর চাঁদাবাজির অভিযোগ ছিল। চাঁদা না দিলে হামলা, মারধর ও কাজ বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটত নিয়মিত।
এছাড়া শীতলক্ষ্যা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় ট্রলার ও বাল্কহেড থেকে জোরপূর্বক চাঁদা আদায় এবং স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এলাকাজুড়ে আধিপত্য বিস্তারে সশস্ত্র বাহিনী ব্যবহার করত বলে জানিয়েছে র্যাব-১১।
র্যাব-১১ দাবি, সোহেলের নিয়ন্ত্রণে মদনপুর ও বন্দর এলাকায় গড়ে ওঠে মাদকের বড় নেটওয়ার্ক। তার তত্ত্বাবধানে ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিল কেনাবেচা চলত বলে তথ্য পাওয়া গেছে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, সোহেলের বিরুদ্ধে ঢাকা’র যাত্রাবাড়ী থানাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় অন্তত ১৪টি মামলা রয়েছে। তার অপরাধ কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে।
র্যাব-১১। এর গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

