ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে লুটপাটের অভিযোগে আটক তিন ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পশ্চিম দেওভোগের হাশেম বাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মো. হাসিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবলের বাড়িতে লুটপাটের খবর পেয়ে বাংলাদেশ পুলিশ-এর ফতুল্লা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সেখানে গিয়ে পুলিশ লুটপাটে বাধা দিলে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
তবে কিছুক্ষণ পর আটক ব্যক্তিদের সহযোগী ও স্থানীয় কিছু লোকজন জড়ো হয়ে পুলিশের ওপর চাপ সৃষ্টি করে এবং একপর্যায়ে আটক তিনজনকে ছিনিয়ে নিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

