ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) হকার উচ্ছেদ অভিযানের সময় কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই কর্মচারী আহত হয়েছেন। হামলার সময় তাদের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে হকারদের বিরুদ্ধে।
সোমবার (৪ মে) বিকেলে নগরীর চাষাঢ়া এলাকার নূর মসজিদের সামনে বঙ্গবন্ধু সড়কে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন জাহাঙ্গীর ও রুহুল। তারা স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও নাসিকের উচ্ছেদ কার্যক্রমে অংশ নেওয়া কর্মীরা জানান, প্রতিদিনের মতো এদিনও পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করছিলেন সিটি করপোরেশনের কর্মচারীরা। এ সময় হকাররা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়। এতে দুই কর্মচারী মারধরের শিকার হন।
হামলার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে এ ঘটনায় জড়িত হকারদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, হকারদের এ ধরনের আচরণ আইনের পরিপন্থী। তিনি জানান, হকারদের পুনর্বাসনের বিষয়টি বিবেচনায় রয়েছে, তবে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। ওই অভিযানে জেলা প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন। তবে উচ্ছেদের পর পুনরায় ফুটপাতে বসার দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন হকাররা। সোমবার দুপুরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপিও দেন। সর্বশেষ এই হামলার ঘটনায় নগরীতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

