ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ২৩০/১৩২ কেভি ও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
শুক্রবার (১ মে) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে হঠাৎ উপকেন্দ্রের ভেতর থেকে বিকট শব্দ শোনা যায়। পরে ট্রান্সফরমারের দিক থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। কিছু সময়ের মধ্যেই ট্রান্সফরমারের একটি অংশে আগুন ধরে গেলে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই গ্রিড উপকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মিরন মিয়া জানান, ট্রান্সফরমারটিতে প্রায় এক লাখ লিটার তেল সংরক্ষিত ছিল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের ট্রান্সফরমার রক্ষা করা সম্ভব হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় সম্ভাব্য বিস্ফোরণ ও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রাথমিকভাবে কারিগরি ত্রুটি অথবা অতিরিক্ত তাপের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।

