ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ রাজধানী ঢাকার পাশের শিল্পনগরী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আয়তন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সবচেয়ে ছোট আয়তনের সিটি কর্পোরেশনগুলোর একটি হিসেবে পরিচিত এ নগরের সঙ্গে এবার ফতুল্লা, বন্দর ও কাঁচপুরের বিস্তীর্ণ এলাকা যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে ইঙ্গিত দেন। তিনি জানান, নারায়ণগঞ্জ-৪ আসনের আওতাধীন কয়েকটি ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করতে প্রশাসনিক প্রক্রিয়া চলছে।
সংসদ অধিবেশনে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন জানতে চান, ফতুল্লার চারটি ইউনিয়নকে সিটি কর্পোরেশনে যুক্ত করে নাগরিক সমস্যা সমাধানে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কিনা। জবাবে মন্ত্রী বলেন, সীমানা সম্প্রসারণের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন এবং এ বিষয়ে জেলা প্রশাসকের মতামত চাওয়া হয়েছে।
মন্ত্রী জানান, ফতুল্লা, কুতুবপুর (আংশিক), এনায়েতনগর ও কাশীপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার বিষয়ে গত বছরের ১২ আগস্ট স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর চিঠি দেওয়া হয়। পরে সিটি কর্পোরেশন শাখা-২ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ ও সংকোচন) বিধিমালা ২০১৩ অনুযায়ী মতামত চাওয়া হয়।
এরপর জেলা প্রশাসকের কার্যালয় থেকে গত ২৮ ডিসেম্বর প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য চাওয়া হলে চলতি বছরের ২৮ জানুয়ারি প্রস্তাবিত এলাকার মৌজা, দাগসূচি তালিকা এবং সম্প্রসারিত সীমানার ম্যাপ পাঠানো হয়। তবে এখনো জেলা প্রশাসকের চূড়ান্ত মতামত স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়নি বলে জানান মন্ত্রী। মতামত পাওয়া গেলে দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
একইসঙ্গে তিনি জানান, বন্দর উপজেলার বন্দর, ধামগড়, মদনপুর, মদনগঞ্জ ইউনিয়ন এবং কাঁচপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণাংশও ভবিষ্যতে সিটি কর্পোরেশনে যুক্ত করার পরিকল্পনায় রয়েছে।
বর্তমানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আয়তন প্রায় ৭২ বর্গকিলোমিটারের কিছু বেশি। নতুন এলাকাগুলো যুক্ত হলে সিটির পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে মনে করা হচ্ছে।
স্থানীয়রা বলছেন, ফতুল্লা, কাশীপুর, এনায়েতনগরসহ আশপাশের বহু এলাকায় ইতোমধ্যে ব্যাপক নগরায়ন হয়েছে। কিন্তু সিটি কর্পোরেশনের বাইরে থাকায় এসব এলাকার বাসিন্দারা এখনো পর্যাপ্ত সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা ও আধুনিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
এদিকে শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে বন্দরের নয়টি ওয়ার্ড বর্তমানে সিটি কর্পোরেশনের আওতায় রয়েছে। এর সঙ্গে নতুন ইউনিয়নগুলো যুক্ত হলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আরও বড় ও কার্যকর নগর প্রশাসনে রূপ নিতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

