ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে পাওয়া জামিনের বিষয়ে আগামী ৩ মে আদেশ দেবেন আপিল বিভাগ। সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ দিন ধার্য করেন।
এর আগে, ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলার মধ্যে পাঁচটিতে হাইকোর্ট জামিন দিলেও পরে আপিল বিভাগ সেই জামিন স্থগিত করেন।
পরবর্তীতে একই বছরের ১৮ নভেম্বর আরও পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ মার্চ আপিল বিভাগের চেম্বার আদালত সেই জামিন স্থগিত করে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।
এদিকে, ২৬ এপ্রিল পৃথক দুটি মামলায় আইভীকে “শোন অ্যারেস্ট” দেখানো কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তার না দেখানোর নির্দেশও দেন আদালত।

