ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী সংবিধান সংস্কার, অর্থাৎ ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের জন্য অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সংশোধনী অনুযায়ী, পূর্বে ঘোষিত ফলাফলের তুলনায় ‘হ্যাঁ’ ও ‘না’ উভয় ভোটের সংখ্যাই কমেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক অতিরিক্ত গেজেটের মাধ্যমে এ সংশোধনী প্রকাশ করা হয়।
ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ ও সংবিধান সংস্কারের প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি যাচাইয়ের জন্য ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়।
প্রথম গেজেটে ফলাফলে বলা হয়েছিল, ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন, ‘না’ ভোট ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন। মোট প্রদত্ত ভোট ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন, যার মধ্যে বাতিল হয়েছিল ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭ ভোট। বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬ জন।
সংশোধিত গেজেট অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০ জন, ‘না’ ভোট ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১ জন। মোট ভোট ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭, যার মধ্যে বাতিল হয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬ ভোট। বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১ জন।
সংশোধিত ফলাফল অনুযায়ী, আগের তুলনায় ‘হ্যাঁ’ ভোট কমেছে ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি এবং ‘না’ ভোট কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫টি। এছাড়া বাতিল ভোটের সংখ্যা ১২ হাজার ৫৫৯টি বেড়েছে। সার্বিকভাবে মোট ভোটের সংখ্যা ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি কমেছে।
নির্বাচন কমিশন এই সংশোধনের নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি, তবে জানিয়েছে যে এটি কমিশনের আদেশক্রমেই প্রকাশ করা হয়েছে।
এই গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বৈধতা ও জনসম্মতি চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।

