ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ দেশে রমজান মাস শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি থেকে। চলতি মাসের ১৮ ফেব্রুয়ারি চাঁদ দেখা যাওয়ায় পরদিন থেকে প্রথম রোজা পালন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় ঈদুল ফিতরের তারিখও নির্ধারিত হবে শাওয়াল মাসের চাঁদ দেখার ভিত্তিতে।
যদি ২০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তাহলে ২১ মার্চ উদ্যাপিত হবে ঈদুল ফিতর। আর রমজান মাস ৩০ দিনে পূর্ণ হলে সেক্ষেত্রে ২২ মার্চ ঈদ অনুষ্ঠিত হবে।
সরকার ঘোষিত ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিনের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্য তারিখ ২১ মার্চ ধরে ১৯ মার্চ বৃহস্পতিবার থেকে ২৩ মার্চ সোমবার পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে ২৭ রমজান উপলক্ষে শবে কদর ১৭ মার্চ মঙ্গলবার সরকারি ছুটি রয়েছে। ১৮ মার্চ বুধবার কর্মদিবস থাকলেও ১৯ মার্চ থেকে শুরু হবে ঈদের ছুটি।
ঈদের ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চ অফিস-আদালত খোলা থাকবে। এরপর ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আবারও সরকারি ছুটি থাকবে। তার সঙ্গে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) মিলিয়ে সরকারি চাকরিজীবীরা চাইলে ২৪ ও ২৫ মার্চ নৈমিত্তিক ছুটি নিয়ে ১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১০ দিনের ছুটি উপভোগ করতে পারেন। এমনকি ১৮ মার্চ একদিন অতিরিক্ত ছুটি নিলে শবে কদর থেকেই দীর্ঘ ছুটি ভোগের সুযোগ তৈরি হবে।
তবে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছুটি নির্ধারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

