ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ পবিত্র রমজান মাসের শুরুতে রোজা রাখার সময় শরীর নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় নেয়। তাই প্রথম কয়েক দিন শরীরকে প্রস্তুত করতে কিছু বিষয় মেনে চলা জরুরি। ডায়েটেশিয়ানরা পরামর্শ দেন, রোজার আগে ডায়েটে পুষ্টিকর খাবার যেমন ডিম, সবজি, দুধ অন্তর্ভুক্ত করতে হবে এবং অতিরিক্ত ক্যাফেইন বা নোনতা খাবার কমাতে হবে।
প্রথম কয়েক রোজায় ইফতারে অতিরিক্ত খাবার না খেয়ে স্বাস্থ্যকর খাবার, ফলমূল ও পর্যাপ্ত পানি পান করতে হবে। শরীর ক্লান্ত হলে হালকা ব্যায়াম যেমন হাঁটাহাঁটি করা যেতে পারে, তবে ভারী ব্যায়াম এড়িয়ে চলা ভালো। সেহরি ও ইফতারে সুষম খাবার গ্রহণ গুরুত্বপূর্ণ; প্রোটিন ও ফাইবারযুক্ত খাবার দীর্ঘ সময় শক্তি জোগাতে সাহায্য করে।
পানিশূন্যতা এড়াতে ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি, ডাবের পানি বা ফলের রস পান করা উচিত। অতিরিক্ত তেল-চর্বিযুক্ত, ভাজাপোড়া, নোনতা ও চিনিযুক্ত খাবার এড়িয়ে চলা ভালো, কারণ এগুলো পানিশূন্যতা বাড়ায় এবং বদহজম সৃষ্টি করতে পারে।
শারীরিক সুস্থতার জন্য প্রথম কয়েকদিনে হালকা বিশ্রাম নেওয়া এবং ভারী ব্যায়াম এড়িয়ে চলা দরকার। হঠাৎ সব ধরনের খাবার বন্ধ না করে ধীরে ধীরে ডায়েটে পুষ্টিকর খাবারের পরিমাণ বাড়ানো উচিত, যাতে শরীর সহজে নতুন রোজার নিয়মে অভ্যস্ত হতে পারে।

