নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহরণের পর ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসাদুল ইসলাম (২১) কে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসআরবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের লায়ন সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে আসাদুলকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১১, সদর কোম্পানি নারায়ণগঞ্জ এবং এসআরবি-১০, সদর কোম্পানি কেরানীগঞ্জের একটি যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার আসাদুল ইসলাম পটুয়াখালী সদর উপজেলার ভায়লা গ্রামের আশরাফ হাওলাদারের ছেলে। ২০২৪ সালে ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণসহ ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলার রায়ে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। তবে সাজা ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
এসআরবি জানায়, গ্রেপ্তার এড়াতে আসাদুল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্তের পর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তারের পর আসাদুলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

