নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ডাকা ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। দলটির নেতারা বলছেন, রাজনৈতিক কর্মসূচির নামে কেউ সহিংসতা, নাশকতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।
মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস বা আপন সম্পর্কের জায়গা নেই। তারা যদি নারায়ণগঞ্জে কোনো ধরনের নাশকতা সৃষ্টির চেষ্টা করে, তাহলে কঠোরভাবে জবাব দেওয়া হবে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপি নেতাকর্মীরা সতর্ক রয়েছেন বলেও জানান তিনি।
মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচির নামে নিষিদ্ধ সংগঠনের কোন নেতাকর্মী নারায়ণগঞ্জে নাশকতার চেষ্টা করে তাহলে মহানগর বিএনপির নেতাকর্মীরা তাদের কঠোর ভাবে দমন করবে। সাধারণ মানুষের চলাচল, ব্যবসা-বাণিজ্য কিংবা জনজীবন বাধাগ্রস্ত করার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি নেতাকর্মীরা সতর্ক থাকবেন।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন বলেন, একটি নিষিদ্ধ সংগঠনের কোন কমসূচি নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই করান জনগণ তাদের প্রত্যাখান করেছে তারা পলাতক এবং সিষিদ্ধ দাতের কোন কমসূচি নেই, তারা নাশকতা করে যেন জনগণের জান মালের ক্ষতি করতে না পরে সে দায়িত্ব মহানগর বিএনপির সকল নেতাকর্মীদের। নারায়ণগঞ্জের মানুষ অতীতেও রাজনৈতিক সহিংসতা ও নাশকতার কারণে ভোগান্তিতে পড়েছেন। নতুন করে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে তার মোকাবিলা করা হবে।

