যুদ্ধের ময়দানে ইরানের সঙ্গে সংঘাত, আর ওয়াশিংটনে চলছে সেই যুদ্ধের দায় নিয়ে রাজনৈতিক লড়াই। ইরান যুদ্ধ পরিচালনায় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ভূমিকা নিয়ে অসন্তোষ বাড়ছে।
এর মধ্যে তাকে পদ থেকে সরানোর উদ্যোগ নেন আইনপ্রণেতারা। তবে প্রতিনিধি পরিষদে সেই অভিশংসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রস্তাব আটকে দিয়েছেন রিপাবলিকানরা।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে হেগসেথের অভিশংসন প্রক্রিয়া নিয়ে ভোটাভুটি হয়।
এতে ২১১ জন সদস্য প্রস্তাবের পক্ষে এবং ২০৪ জন বিপক্ষে ভোট দেন। প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া একমাত্র রিপাবলিকান সদস্য ছিলেন থমাস ম্যাসি। তার দলের অন্য সব সদস্য প্রস্তাবটির বিরোধিতা করেন।
রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসিই হেগসেথকে অভিশংসনের উদ্যোগ নিয়েছিলেন। তার অভিযোগ, কংগ্রেসের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।
এ অভিযোগের ভিত্তিতে হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের আটটি ধারা আনা হয়েছিল। এসব ধারার মধ্যে ইরান যুদ্ধ পরিচালনায় তার ভূমিকার বিষয়টিও রয়েছে।
তবে, ভোটাভুটিতে প্রস্তাবটি নাকচ হওয়ায় অভিশংসন প্রক্রিয়া আর এগোতে পারেনি। ফলে, আপাতত পদে বহাল থাকছেন হেগসেথ।
তবে, প্রতিনিধি পরিষদের ভোটে অভিশংসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রস্তাবটি রিপাবলিকান নেতৃত্বাধীন হাউজ জুডিশিয়ারি কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। ফলে, হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া কার্যত থেমে গেছে।
রিপাবলিকানরা চাইলে বিষয়টি দীর্ঘ সময় ঝুলিয়ে রাখতে পারবেন। এতে তার বিরুদ্ধে আনা আটটি অভিশংসন ধারার ওপর সরাসরি ভোট এড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
এদিকে, হেগসেথকে অভিশংসনের উদ্যোগে ডেমোক্র্যাট সদস্যরাও সমর্থন দিয়েছিলেন। ফলে, এই ভোটাভুটি রিপাবলিকান আইনপ্রণেতাদের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে ওঠে। মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খাওয়ার পর তারা ইরান যুদ্ধ ও ট্রাম্প প্রশাসনের অবস্থান থেকে দূরত্ব বজায় রাখেন কি না, তা নিয়ে আলোচনা চলছিল।
ভোটের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিশংসনের উদ্যোগ ব্যর্থ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, যুদ্ধবিষয়ক মন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের জন্য ডেমোক্র্যাটদের চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে।
একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, থমাস ম্যাসি ছাড়া রিপাবলিকান পার্টির সব সদস্য হেগসেথের পক্ষে ভোট দিয়েছেন। এ ফলকে তিনি হেগসেথের প্রতি দলটির সমর্থনের প্রমাণ হিসেবে তুলে ধরেন।
তবে, প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি পাস হলেও হেগসেথকে অভিশংসন করা কঠিন হতো। কারণ, অভিশংসনের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সিনেটে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন।
সেখানে রিপাবলিকানদের ৫৩টি আসন থাকায় এ উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা কম ছিল।
সূত্র: আল-জাজিরা

