ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার।
সোমবার (২ নভেম্বর) বাদ আসর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল জব্বার বলেন, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। বিশেষ করে মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করতে হবে। এ ক্ষেত্রে শুধু ব্যক্তিগত উদ্যোগ যথেষ্ট নয়, সম্মিলিতভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু থেকে নিজেদের ও পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সচেতন না হয়ে বসে থাকলে ডেঙ্গুর ঝুঁকি বাড়বে। তাই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।
বন্দর দক্ষিণ সাংগঠনিক থানা জামায়াতের আমির ফজলুল হাই জাফরির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা এলাকার মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

