একসময় টিভি নাটক, মঞ্চ ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন সমু চৌধুরী। তবে দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। সম্প্রতি তার অসংলগ্ন অবস্থার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উদ্বেগ তৈরি হয় সহকর্মী ও ভক্তদের মধ্যে।
এবার এই অভিনেতার চিকিৎসার দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।
সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানিয়েছেন, সমু চৌধুরীর পরিবারের সম্মতি পাওয়ার পর তার চিকিৎসার প্রক্রিয়া শুরু হয়েছে। চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে অভিনয়শিল্পী সংঘ।
রাশেদ মামুন অপু বলেন, ‘সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিতে আমরা প্রস্তুত। তার পরিবারের অনুমতির অপেক্ষায় ছিলাম। গতকাল সমু চৌধুরীর পরিবারের অনুমতি পেয়েছি। ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁর পুরো চিকিৎসা আমাদের তত্ত্বাবধানে হবে। সমস্ত খরচ অভিনয়শিল্পী সংঘ বহন করবে।’
সম্প্রতি সমু চৌধুরীর মা জয়নব চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, কয়েক বছর ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন তার ছেলে। আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করানো তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমু চৌধুরীর বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ায় তার চিকিৎসা ও পাশে দাঁড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
অভিনয়শিল্পী সংঘ জানিয়েছে, সমু চৌধুরীর অসুস্থতার বিষয়টি তারা আগে থেকেই পর্যবেক্ষণ করছে। প্রায় তিন বছর আগে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পরও শিল্পীরা তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছিলেন।
রাশেদ মামুন অপু বলেন, ‘প্রথম থেকেই আমরা সমু চৌধুরীর পাশে আছি। গফরগাঁওয়ে তাকে অসংলগ্ন অবস্থায় পাওয়া গেলে অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তখনই আমরা চিকিৎসার উদ্যোগ নিতে চেয়েছিলাম। কিন্তু তার পরিবার রাজি হয়নি। এবার চিকিৎসার জন্য পরিবারের সম্মতি পেয়েছি।’

