‘দেখা আরিচা ঘাটে, শাহজালাল ফেরীতে, রংপুরিয়া এক ছোকরা বন্ধুর সাথে’ কিংবা ‘পাগল মন, মন রে মন কেন এত কথা বলে’-জনপ্রিয় এই গানগুলোর কথা উঠলেই মনে পড়ে কণ্ঠশিল্পী দিলরুবা খানের নাম। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য শ্রোতার ভালোবাসা পেয়েছেন তিনি। এবার নিজের পুরোনো একটি গান নতুন করে প্রকাশের পরিকল্পনা করছেন ‘পাগল মন’খ্যাত এই শিল্পী। তবে কোন গানটি রিমেক করবেন, সে বিষয়ে ভক্তদের কাছে পরামর্শ চেয়েছেন তিনি।
আজ (২২ অক্টোবর) নিজের সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক স্ট্যাটাসে দিলরুবা খান জানান, শিগগির তার একটি পুরোনো গান রিমেক করার পরিকল্পনা করছেন। এ জন্য ভক্তদের পছন্দের গানটির নাম কমেন্টে জানাতে অনুরোধ করেছেন তিনি।
স্ট্যাটাসে দিলরুবা খান লেখেন, ‘কয়েকদিন ধরে অনেকেই কমেন্টে ও ম্যাসেজে আমার খোঁজখবর নিয়েছেন। সবাইকে আলাদা করে উত্তর দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি বলে আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? চেষ্টা করব সুযোগ বুঝে সবার কমেন্টের উত্তর দিতে।’
ভক্তদের ভালোবাসা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, ‘আপনাদের ভালোবাসা ও সমর্থনের কারণেই আজ আমি দিলরুবা এতদূর আসতে পেরেছি। খুব শিগগির আমার একটি পুরনো গান রিমেক করার পরিকল্পনা করছি। আপনাদের মতামত জানতে চাই। কোন গানটি রিমেক করলে সবচেয়ে ভালো হয়? কমেন্টে আপনার পছন্দের গানটির কথা জানান! আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন।’
দিলরুবা খানের এই স্ট্যাটাসে ভক্তদের সঙ্গে তার আন্তরিক সম্পর্কের বিষয়টি উঠে এসেছে। একই সঙ্গে তার পুরোনো গান নতুন করে শোনার প্রত্যাশাও তৈরি হয়েছে শ্রোতাদের মধ্যে। তবে কোন গানটি নতুন আঙ্গিকে প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি তিনি। ভক্তদের পরামর্শের ভিত্তিতে গানটি বেছে নেওয়া হবে কি না, সেটিও এখন দেখার বিষয়।
নব্বইয়ের দশকের শুরুতে ‘দেখা আরিচা ঘাটে’ গানটি দিয়ে শ্রোতাদের নজর কাড়েন দিলরুবা খান। এরপর ‘পাগল মন’ গানটি তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। গানটির জনপ্রিয়তার সুবাদে একসময় ‘পাগল মন দিলরুবা’ নামেও পরিচিত হয়ে ওঠেন তিনি। ‘দুই ভূবনের দুই বাসিন্দা, বন্ধু চিরকাল’ গানটিও শ্রোতাদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সংগীতশিল্পী আবদুল আলীমের গান গেয়ে সংগীতজগতে যাত্রা শুরু করেন দিলরুবা খান। তার বাবা সৈয়দ হামিদুর রহমান রাজশাহী ও রংপুর বেতারের শিল্পী ছিলেন। তবে মেয়ে গান করুক, তা চাননি তিনি। কিন্তু গানের প্রতি গভীর ভালোবাসা ও নিজস্ব প্রতিভার জোরে লোকসংগীতে নিজের জায়গা তৈরি করে নেন দিলরুবা।
লোকগানের পাশাপাশি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। দীর্ঘ সংগীতজীবনে তার গাওয়া বেশ কিছু গান শ্রোতাদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। এবার সেই জনপ্রিয় গানগুলোর কোনো একটিকে নতুনভাবে উপস্থাপনের পরিকল্পনা করছেন তিনি। এখন ভক্তদের পরামর্শের অপেক্ষা-কোন গানটি নতুন করে শুনতে চান তারা, আর কোন গানটি বেছে নেবেন দিলরুবা খান।

