নারায়ণগঞ্জের বন্দরে চাঁদা না পেয়ে একটি শিল্পপ্রতিষ্ঠানের কারখানার গেটে লাথি মারা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা হিসেবে পরিচিত জিপু খানের বিরুদ্ধে। এ ঘটনায় শেখ ফারাজ পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের স্বত্বাধিকারী মো. সাইফুল্লাহ বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন।
অভিযোগকারী সাইফুল্লাহর ভাষ্য অনুযায়ী, গত ২০ অক্টোবর চাঁদা দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে জিপু খান কারখানার গেটে লাথি মারেন এবং সংশ্লিষ্টদের ভয়ভীতি দেখান। এ সময় কারখানার কার্যক্রম পরিচালনা নিয়েও হুমকিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়েছে।
সাইফুল্লাহ আরও দাবি করেন, কারখানার কর্মচারী সাইফুলের মাধ্যমে প্রতিষ্ঠানের এক পরিচালককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তি বলেন, ‘কীভাবে ফ্যাক্টরি চালান, তা দেখে নেব।’ এমন হুমকির পর কারখানার মালিকপক্ষ ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে বলে জানান তিনি।
অভিযোগকারীর দাবি, একটি শিল্পপ্রতিষ্ঠানে এ ধরনের ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চেয়ে তাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছেন।
অভিযুক্ত জিপু খান বন্দরের নবীগঞ্জ বাগবাড়ি এলাকার মালেক মিয়ার ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মাহদী বলেন, “নারায়ণগঞ্জ জেলা পুলিশ সবসময় চাঁদাবাজদের বিপক্ষে। চাঁদাবাজদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।” তিনি জানান, এ ঘটনায় বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত জিপু খানের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ।

