প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় ব্যাপক উপস্থিতি নিয়ে তাকে স্বাগত জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে মদনপুর এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে অবস্থান নেন নজরুল ইসলাম আজাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর ওই এলাকা অতিক্রম করার সময় নেতাকর্মীদের নিয়ে তিনি তাকে স্বাগত জানান। এ সময় সড়কের দুই পাশে নেতাকর্মীদের অবস্থানের কারণে যান চলাচলে যেন বড় ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়েও নজর রাখতে দেখা যায় তাকে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। বৃহস্পতিবার সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে যাত্রা করেন তিনি। দিনব্যাপী সফরে পরশুরাম ও ফুলগাজীতে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
তারেক রহমানের গাড়িবহর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা অতিক্রম করার খবরও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এ সময় নজরুল ইসলাম আজাদ বলেন, “নারায়ণগঞ্জের মাটি তারেক রহমানের ঘাঁটি এটা বলার অপেক্ষা রাখে না। আড়াইহাজারের মাটি তারেক রহমানের মাটি, আড়াইহাজার বিএনপির ঘাঁটি। তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।”
তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাঁর প্রতি নারায়ণগঞ্জের মানুষের যে ভালোবাসা ও আস্থা রয়েছে, আজকের উপস্থিতিই তার প্রমাণ। আড়াইহাজারের প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন।”
আজাদ আরও বলেন, “বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন আন্দোলন–সংগ্রাম করেছেন। দলের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আড়াইহাজারের মানুষ সবসময় তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল ছিল, ভবিষ্যতেও থাকবে।”
মদনপুর এলাকায় নেতাকর্মীদের উপস্থিতির কারণে মহাসড়কে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়েও নজর দিতে দেখা যায় আজাদকে। প্রধানমন্ত্রীর গাড়িবহর নির্বিঘ্নে চলাচলের জন্য তিনি নেতাকর্মীদের রাস্তার দুই পাশে অবস্থান নেওয়ার নির্দেশনা দেন।
উল্লেখ্য, এর আগে বিভিন্ন কর্মসূচিতেও নজরুল ইসলাম আজাদ তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনীতি ও সাংগঠনিক ঐক্যের কথা তুলে ধরেছেন। চলতি বছরের জুনেও এক অনুষ্ঠানে তিনি নিজেকে তারেক রহমানের ‘সৈনিক’ হিসেবে উল্লেখ করে দলের নেতাকর্মীদের সত্য ও নীতির পথে থাকার আহ্বান জানিয়েছিলেন।

