মা হওয়ার পর কাজে ফেরার অভিজ্ঞতা মোটেও সহজ ছিল না বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার জন্য। সন্তানকে রেখে প্রথমবার কাজে যাওয়ার সময় এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে মুম্বাই যাওয়ার পুরো বিমানযাত্রায় কেঁদেছেন তিনি। সম্প্রতি নিজের সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী।
নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘শক: ট্রাস্ট নো ওয়ান’র প্রচার-ঝলক প্রকাশের অনুষ্ঠানে মাতৃত্বের পর কাজে ফেরার অভিজ্ঞতা শেয়ার করেন পরিণীতি। জানান, সন্তান জন্মের পর বেশ কয়েক মাস দিন-রাত ২৪ ঘণ্টাই ছেলের সঙ্গে ছিলেন তিনি। ফলে প্রথমবার তাকে বাড়িতে রেখে কাজে যাওয়ার সময় নিজেকে সামলাতে পারেননি।
পরিণীতি বলেন, মুম্বাই যাওয়ার সেই বিমানযাত্রার কথা তার প্রায় কিছুই মনে নেই। বিমানবন্দরে কীভাবে পৌঁছেছিলেন, কখন বিমানে উঠেছিলেন কিংবা কখন মুম্বাইয়ে নেমেছিলেন-এসব কিছুই মনে করতে পারেন না তিনি। শুধু মনে আছে, পুরো তিন ঘণ্টা কেঁদেছিলেন।
সন্তানকে ছেড়ে কাজে যাওয়ার এই অনুভূতিকে শুধু ‘মম গিল্ট’ বলতে নারাজ পরিণীতি। তার মতে, সেই অনুভূতি আরও তীব্র। অভিনেত্রীর ভাষায়, ‘আমার মনে হয়েছিল, আমি আর কোনো দিন কাজ করতে পারব না। আর কোনো কিছুই করতে পারব না। এটা অপরাধবোধ নয়। সন্তানকে ছেড়ে যাওয়ার সময় যে যন্ত্রণা হয়, সেটা শারীরিক যন্ত্রণার মতো।’
তবে ছেলেকে নিয়ে বাস্তবে কোনো ধরনের দুশ্চিন্তার কারণ ছিল না বলেও জানান পরিণীতি। সন্তান পরিবারের সঙ্গেই ছিল। পরিবারের সবাই তাকে ঘিরে ছিলেন এবং তার নিরাপত্তা নিয়েও কোনো সমস্যা ছিল না। বরং কাজের জন্য পরিবারের কাছ থেকে উৎসাহই পেয়েছেন অভিনেত্রী
তারপরও ছেলেকে ছেড়ে থাকার অনুভূতি থেকে নিজেকে মুক্ত করতে পারেননি পরিণীতি। তিনি বলেন, ‘বাচ্চা ভালো আছে। আপনার অনুপস্থিতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। পরিবারও ভালো আছে। সবাই আনন্দে আছে। কিন্তু মম গিল্টটা ভয়ঙ্কর।’
রাজনীতিবিদ রাঘব চাড্ডার সঙ্গে বিয়ের পর অভিনয়ের কাজ অনেকটাই কমিয়ে দিয়েছিলেন পরিণীতি। এরপর মাতৃত্বের কারণে দীর্ঘ সময় কাজ থেকে দূরে ছিলেন তিনি। প্রায় চার বছর পর ‘শক: ট্রাস্ট নো ওয়ান’-এর মাধ্যমে আবার অভিনয়ে ফিরেছেন এই অভিনেত্রী।
মাতৃত্বের পর ক্যারিয়ারে ফেরার আনন্দের পাশাপাশি সন্তানকে ছেড়ে থাকার যে মানসিক টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে হয়েছে, সেই অভিজ্ঞতাই এবার প্রকাশ্যে আনলেন পরিণীতি।
এমএমএফ/জেআইএম

