নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়া সরেণের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটি। একই সঙ্গে ঘটনায় কারও দায় প্রমাণিত হলে তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ দাবি জানান বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি রীনা আহমেদ ও সাধারণ সম্পাদক রহিমা খাতুন।
বিবৃতিতে বলা হয়, গত ৭ সেপ্টেম্বর রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকার একটি ভাড়া বাসা থেকে রিয়া সরেণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি নিয়ে শুরু থেকেই তার পরিবার ও স্বজনদের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে মহিলা পরিষদ জানায়, পরিবারের সদস্যরা রিয়ার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে মেনে নিতে পারছেন না। তাদের অভিযোগ, রিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় বাড়ির মালিকের ভূমিকা নিয়েও তারা সন্দেহ প্রকাশ করেছেন।
তবে পরিবারের পক্ষ থেকে ওঠা এসব অভিযোগের বিষয়ে তদন্তকারী কর্তৃপক্ষের চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা মহিলা পরিষদের বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
বিবৃতিতে আরও জানানো হয়, রিয়া সরেণের গ্রামের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। প্রায় দুই বছর আগে মা রিবিকা মুরমুর সঙ্গে রূপগঞ্জের মঙ্গলখালী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন তিনি। প্রায় দুই মাস আগে তার মা দিনাজপুরে ফিরে গেলেও রিয়া ওই বাসাতেই অবস্থান করছিলেন।
স্থানীয়ভাবে জানা যায়, বসবাসের স্থানটির কাছাকাছি একটি বহুজাতিক প্রতিষ্ঠানের প্লাস্টিক পণ্য উৎপাদন কারখানায় অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন রিয়া। এর আগে তার মা রিবিকা মুরমুও একই কারখানায় কাজ করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
মহিলা পরিষদের নেতারা বলেন, একজন কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। ঘটনাটি সুষ্ঠু, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আওতায় এনে মৃত্যুর প্রকৃত কারণ জনসম্মুখে পরিষ্কার করা প্রয়োজন।
তারা রিয়া সরেণের মৃত্যুর ঘটনায় প্রকৃত ঘটনা উদঘাটনে দ্রুত তদন্ত সম্পন্ন করার পাশাপাশি কেউ দায়ী থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বিচার নিশ্চিত করার দাবি জানান।

