জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ, তাঁদের সমস্যার কথা শোনা এবং নিজের কর্মকাণ্ডের জন্য জবাবদিহিকে জনপ্রতিনিধিত্বের মূল দায়িত্ব হিসেবে দেখছেন নারায়ণগঞ্জ-৪ আসনের আব্দুল্লাহ আল আমিন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজ আদায় করতে ফতুল্লার উত্তর মাসদাইর (গাবতলী) এলাকার গাবতলী বাইতুল মোকাদ্দাস কেন্দ্রীয় শাহী জামে মসজিদে যান তিনি। নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, মসজিদ সবার জন্য উন্মুক্ত পবিত্র স্থান। তাই কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই বিভিন্ন এলাকার মসজিদে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে চান তিনি।
আব্দুল্লাহ আল আমিন বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব শুধু প্রটোকল মেনে চলা নয়; মানুষের পাশে থাকা, তাঁদের সমস্যা শোনা এবং জনগণের কাছে জবাবদিহি করাই প্রকৃত দায়িত্ব।
তিনি ফতুল্লার জলাবদ্ধতা, মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে এগুলো সমাধানে কাজ করার কথা জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ফতুল্লা থানাকে বিভক্ত করে নতুন থানা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথাও জানান।
এ সময় দল-মত নির্বিশেষে মুরুব্বি, যুবসমাজ, আলেম-ওলামা ও সমাজের ভালো মানুষদের সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি। নিজের কোনো ভুল থাকলে তা নির্ভয়ে তুলে ধরতেও এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
পরে তিনি গাবতলী মারকাফুল ইহসান মাদরাসা পরিদর্শন করে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

