জনস্বার্থ রক্ষা, সরকারি সম্পত্তি সুরক্ষা এবং বিভিন্ন অনিয়ম প্রতিরোধে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আগস্ট মাসজুড়ে একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসব অভিযানে বিভিন্ন আইন লঙ্ঘনের ঘটনায় ২০টি মামলা দায়ের ও নিষ্পত্তি করা হয়েছে। মামলাগুলোতে মোট ১২ লাখ ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কাঁচপুর রাজস্ব সার্কেল সূত্রে জানা যায়, আগস্ট মাসে কাঁচপুর ও আশপাশের বিভিন্ন এলাকায় সরকারি নির্দেশনা অমান্য, অবৈধ দখলসহ নানা অনিয়মের বিরুদ্ধে ধারাবাহিকভাবে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ঘটনাস্থলেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টের মাসিক প্রতিবেদন অনুযায়ী, আগস্টে নিষ্পত্তি হওয়া ২০টি মামলায় ১৬ জন অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব মামলায় অর্থদণ্ড হিসেবে মোট ১২ লাখ ৮০০ টাকা আদায় করা হয়।
এ ছাড়া অপরাধের ধরন ও মাত্রা বিবেচনায় একজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে জরিমানা পরিশোধে ব্যর্থ হওয়ায় অপর একজনকে এক দিনের কারাদণ্ড দেওয়া হয়।
প্রশাসনের এ ধরনের ধারাবাহিক অভিযানের ফলে কাঁচপুর রাজস্ব সার্কেল ও আশপাশের এলাকায় সরকারি নির্দেশনা বাস্তবায়ন, সরকারি সম্পত্তি সুরক্ষা এবং বিভিন্ন অনিয়ম প্রতিরোধে তৎপরতা আরও জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, “জনস্বার্থ রক্ষা, সরকারি সম্পত্তি সুরক্ষা এবং যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে প্রশাসন শূন্য সহনশীলতা নীতিতে কাজ করছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।”

