নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক কারবারিদের হামলায় ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে সিফাত (২১) নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি পাগলাবাড়ি ক্যানেলপাড় এলাকায় হুসাইনিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
আহত অপর দুজন হলেন মো. রাজু (২৬) ও এ্যানি আক্তার (৩০)। তাদের নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিফাতের মায়ের পিঠার দোকানের সামনে মাদক কারবারি শফিকুল ইসলামের সঙ্গে একটি পক্ষের সংঘর্ষ বাধে। এ সময় সিফাতসহ কয়েকজন সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। পরে পরিস্থিতি শান্ত হলে উভয় পক্ষ সেখান থেকে চলে যায়।
তাদের দাবি, ঘটনার প্রায় ৩০ মিনিট পর শফিকুল ইসলাম তার বড় বোন জান্নাতুল ফেরদৌস পারী, বোনজামাই সোহেলসহ কয়েকজনকে নিয়ে আবার সেখানে আসেন। এ সময় তারা সিফাত, রাজু ও এ্যানি আক্তারকে মারধর করেন। একপর্যায়ে তিনজনকে ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ সময় হামলাকারীদের কয়েকজনকে স্থানীয়রা গণপিটুনি দিয়েছেন বলেও জানা গেছে।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. ওয়ালীউল্লাহ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. ওয়ালীউল্লাহ জানান, ঘটনায় তিনজন আহত হয়েছেন। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

