নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেড কারখানায় টানা দ্বিতীয় দিন শ্রমিক অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার (২৩ আগস্ট) সকালে কাজে যোগ দেওয়ার পর কয়েক দফায় নারী শ্রমিকসহ বেশ কয়েকজন অসুস্থ ও অজ্ঞান হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
কারখানা সূত্রে জানা যায়, রোববার সকালে প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে যোগ দেন। সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ ১৫ থেকে ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। কেউ কেউ অজ্ঞান হয়ে পড়লে তাদের দ্রুত কারখানা থেকে বের করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে কারখানার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
এর আগে শনিবারও একই কারখানার নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় কর্মরত অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছিলেন। ওইদিন শ্রমিকদের অসুস্থতার ঘটনায় নির্ধারিত সময়ের আগেই কারখানায় ছুটি দেওয়া হয়। পরপর দুই দিনের ঘটনায় শ্রমিকদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
অসুস্থ শ্রমিকদের কয়েকজনকে আদমজী ইপিজেডের বেপজা মেডিকেল সেন্টার, স্থানীয় আলিফ ও সুগন্ধা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। গুরুতর অসুস্থ কয়েকজনকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার দুপুরে নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় কাজ করার সময় প্রথমে এক নারী শ্রমিক অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর পর্যায়ক্রমে আরও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শ্রমিকদের দাবি, শনিবার অসুস্থ হয়ে পড়া শ্রমিকের সংখ্যা শতাধিক হতে পারে। তাদের অনেকেই বিভিন্ন হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন। ওই ঘটনার পরও রোববার সকালে শ্রমিকদের কাজে যোগ দিতে হয়। কিন্তু কাজ শুরুর এক ঘণ্টার মধ্যেই আবার কয়েকজন অসুস্থ হয়ে পড়ায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
একপর্যায়ে কর্তৃপক্ষ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে।
ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেডের জেনারেল ম্যানেজার বিল্লাল হোসেন বলেন, রোববার সকালে প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে উপস্থিত ছিলেন। পরে আকস্মিকভাবে ১৫ থেকে ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে কারখানা ছুটি দেওয়া হয়।
তিনি বলেন, শ্রমিকদের অসুস্থ হয়ে পড়ার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শ্রমিকদের মধ্যে ‘ভূত দেখার’ বিষয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, কয়েকজন শ্রমিক এমন কথা বললেও কারখানা কর্তৃপক্ষ বিষয়টি বিশ্বাস করছে না।
এদিকে নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর ওসি (ইন্টেলিজেন্স) মো. আনোয়ারুল হক বলেন, প্রচণ্ড গরমের কারণে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় পরিস্থিতি বিবেচনায় কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। অসুস্থ ২০ জন শ্রমিককে খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
আদমজী ইপিজেডের বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন জানান, রোববার অসুস্থ শ্রমিকদের হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কারখানাটি সরেজমিন পরিদর্শনও করা হয়েছে।
তিনি বলেন, পরিদর্শনের সময় কারখানার কোথাও ধোঁয়ায় ভরে যাওয়া, শ্বাসকষ্ট কিংবা এ ধরনের কোনো প্রত্যক্ষ সমস্যার প্রমাণ পাওয়া যায়নি। শ্রমিকদের মধ্যে ভূত দেখার গুঞ্জন থাকলেও সেটিকে অসুস্থতার কারণ হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। প্রকৃত কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পরপর দুই দিন শ্রমিক অসুস্থ হয়ে পড়ার ঘটনায় কারখানার কর্মীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। তবে অসুস্থতার প্রকৃত কারণ নিশ্চিত না হওয়া পর্যন্ত গুজবের পরিবর্তে তদন্তের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

