নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের ৭১৬ কার্টন সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পণ্যবাহী ট্রাক জব্দ এবং চালক মো. আল আমিন গাজীকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) গাজীপুরের কালিয়াকৈর থেকে চালককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের তেল ও ট্রাকটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ দল।
পুলিশ জানায়, গত ৬ জুলাই সোনারগাঁওয়ের মেঘনা গ্রুপের কারখানা থেকে রংপুরের উদ্দেশে ৭৫০ কার্টন সয়াবিন তেল নিয়ে ট্রাকটি রওনা দেয়। তবে গন্তব্যে না পৌঁছে চালক ট্রাকসহ উধাও হয়ে যান। এ ঘটনায় সোনারগাঁও থানায় প্রতারণার মামলা দায়েরের পর তদন্তে নেমে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

