ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃনারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় যুবদলের এক কর্মী গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে আহত হয়েছেন। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মো. মোমেন খাঁ (২৮) স্থানীয় বাসিন্দা ও পেশায় ব্যবসায়ী। তিনি নুরুল খাঁর ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহতের স্ত্রী রিথী আক্তার অভিযোগ করেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। তিনি জানান, আওয়ামী লীগ সমর্থিত শফিক ও মাহিনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল মোমেনের ওপর হামলা চালিয়ে তার ডান পায়ের উরুতে গুলি করে এবং বাম হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রূপগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছে। তার ডান উরুতে গুলির আঘাত এবং বাম হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

