ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় এক বিএনপি নেতা ও পুলিশের মানবিক ও দ্রুত পদক্ষেপে নিখোঁজ দুই শিশুকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে প্রশংসার সৃষ্টি হয়।
উদ্ধার হওয়া শিশুরা হলো— মো. মুরাদ হোসেন জুয়েল (১০) ও সাব্বির শেখ (৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত প্রায় ৮টার দিকে ফতুল্লা রেলস্টেশন এলাকায় জনতার ভিড় দেখে এগিয়ে যান স্থানীয় বিএনপি নেতা গোলাম মোস্তফা অরুন। সেখানে দুই শিশুকে ঘিরে তাদের পরিচয় জানার চেষ্টা চলছিল। পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় তিনি শিশুদের ভিড় থেকে সরিয়ে নিজের হেফাজতে নেন।
পরে তিনি শিশুদের দাপাইদ্রাকপুর এলাকায় তার ট্রান্সপোর্ট এজেন্সির কার্যালয়ে নিয়ে গিয়ে খাবার ও প্রাথমিক যত্নের ব্যবস্থা করেন। বিষয়টি ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জুয়েলকে অবহিত করলে পুলিশ তাদের থানায় নিয়ে আসার পরামর্শ দেয়।
রাত প্রায় ১১টার দিকে গোলাম মোস্তফা অরুন তার ছেলে আব্দুল্লাহ আলী সজলকে সঙ্গে নিয়ে শিশুদের থানায় নিয়ে যান। সেখানে ডিউটি অফিসারের সহায়তায় শিশুদের ছবি লক্ষ্মীপুর সদর থানায় পাঠানো হয়। যাচাই-বাছাই শেষে জানা যায়, দুই দিন আগে ওই দুই শিশুর নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছিল।
পরদিন মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শিশুদের অভিভাবকরা ফতুল্লা থানায় উপস্থিত হন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিএনপি নেতার উপস্থিতিতে শিশুদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শিশুদের নিরাপদে ফিরিয়ে দিতে পেরে গোলাম মোস্তফা অরুন বলেন, “একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসেবে আমি আমার মানবিক দায়িত্ব পালন করেছি।”
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহির জানান, স্থানীয় ব্যক্তির সহযোগিতা ও দ্রুত আন্তঃথানা যোগাযোগের ফলে শিশুদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো গেছে বলেও জানান তিনি।

