ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালে একটি কেন্দ্রের সামনে ব্যানারে নাম ও ছবি না থাকা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে করে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে নাসিক ৫ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান কেন্দ্র পরিদর্শনে আসেন। তাকে ঘিরে স্থানীয় নেতাকর্মীরা তোরণ ও ব্যানার টানান। তবে পরিদর্শন শেষে তিনি চলে যাওয়ার পর ব্যানারে কারও নাম ও ছবি না থাকা নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ইমাম হোসেন বাদল ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলামের মধ্যে তর্কের সূত্রপাত হয়।
একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়লে কেন্দ্রের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পরীক্ষার্থীদের অভিভাবক ও উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
ঘটনার বিষয়ে ইমাম হোসেন বাদল বলেন, “ব্যানারে নাম ও ছবি না থাকায় প্রতিপক্ষের লোকজন আমাদের কর্মীদের এলাকা ছাড়ার হুমকি দেয়। তুচ্ছ বিষয় থেকেই এ ঘটনা ঘটেছে।”
অন্যদিকে, মো. সিরাজুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুক কুমার দাস বলেন, “আমি কেন্দ্রের ভেতরে দায়িত্বে ছিলাম, বাইরে কী ঘটেছে তা নিশ্চিত করে বলতে পারছি না।”
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, কেন্দ্রের বাইরে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

