ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এবার অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি, শুক্রবার। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা মহানগরীসহ দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুইটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার তারিখ ও পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা প্রকাশ করেছে। পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, আসন বিন্যাস দৈবচয়ন পদ্ধতিতে সাজানো হওয়ায় পরীক্ষার্থীদের সঠিক আসন খুঁজে পেতে কিছুটা সময় লাগতে পারে। তাই পরীক্ষার শুরু ৩০ মিনিট আগে, অর্থাৎ সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে সকল পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ৯টা ৩০ মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
কঠোর বিধিনিষেধ ও নির্দেশনা
পিএসসি জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পরীক্ষার হলে এইসব সামগ্রী আনা কঠোরভাবে নিষিদ্ধ:
সব ধরনের ঘড়ি (অ্যানালগ বা ডিজিটাল)
মোবাইল ফোন ও সকল ইলেকট্রনিক ডিভাইস
বই, ক্যালকুলেটর
ব্যাংক বা ক্রেডিট কার্ড সদৃশ যেকোনো ডিভাইস
গহনা, ব্রেসলেট
ব্যাগ ও মানিব্যাগ
পরীক্ষার হলে প্রবেশের সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের তত্ত্বাবধানে প্রবেশপত্র যাচাই এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। পরীক্ষার সময় কানের ওপর কোনো আবরণ বা আচ্ছাদন ব্যবহার করা যাবে না। হিয়ারিং এইড ব্যবহার প্রয়োজন হলে আগেভাগে কমিশনের অনুমতি নিতে হবে।
কঠোর শাস্তির সতর্কবার্তা
পিএসসি জানিয়েছে, কোনো পরীক্ষার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল হবে। এছাড়া বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা-২০১৪ এবং সরকারি কর্ম কমিশন আইন-২০২৩ অনুযায়ী ওই প্রার্থী ভবিষ্যতের সব নিয়োগ পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা হবে।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাসমূহ শিগগিরই ফোনে এসএমএসের মাধ্যমে পাঠানো হবে। এবারের হাজিরা তালিকায় রেজিস্ট্রেশন নম্বর জোড়-বিজোড় এবং দৈবচয়ন পদ্ধতিতে সাজানো হয়েছে।

