ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মোবাইল ফোনের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমের সার্ভার অবস্থান এবং ব্যবহৃত আইপিকে নিয়ে ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। এই গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১ জানুয়ারি থেকে এনইআইআর চালু হয়েছে। এর মাধ্যমে অবৈধ হ্যান্ডসেটের আমদানি, চুরি প্রতিরোধ এবং সরকারের রাজস্ব নিশ্চিত করার পাশাপাশি অবৈধ হ্যান্ডসেটের মাধ্যমে সংঘটিত অপরাধ নিয়ন্ত্রণে সাহায্য করা হবে।
বিটিআরসি নিশ্চিত করেছে, সিস্টেমের সব ডাটা দেশের অভ্যন্তরে একটি নিরাপদ স্থানে হোস্ট করা রয়েছে। গ্রাহকের তথ্য সংরক্ষণের জন্য কমিশন নিজস্ব হার্ডওয়্যার ব্যবহার করছে এবং সরকারের ডাটা প্রোটেকশন আইনের সব নিয়ম মেনে সিস্টেমটি পরিচালিত হচ্ছে।
এছাড়া, এনইআইআর-এর জন্য ব্যবহৃত আইপি বাংলাদেশের এক প্রতিষ্ঠানের অনুকূলে এপিএনআইসি কর্তৃক বরাদ্দকৃত। ফলে কোনো তথ্য বা ট্রাফিক অন্য দেশে যাওয়ার সুযোগ নেই। সমস্ত রিকোয়েস্ট বাংলাদেশেই প্রক্রিয়াকরণ করা হচ্ছে। আইপি রুট ও সিস্টেমের অভ্যন্তরীণ অবস্থানও নিরাপদ বলে নিশ্চিত করেছে বিটিআরসি।
বিটিআরসি আরও অনুরোধ করেছে, এই সিস্টেম সংক্রান্ত যেকোনো গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়া উচিৎ।

