ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। হজ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হজ এজেন্সি ও সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয় হজ এজেন্সির মালিক এবং হজযাত্রী পরিবহণে যুক্ত তিনটি এয়ারলাইনসের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠায়। চিঠিতে উল্লেখ করা হয়, হিজরি ১৪৪৭/২০২৬ সালের হজযাত্রীদের বহনকারী ফ্লাইট ১৮ এপ্রিল থেকে চালু হবে।
সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, একই সার্ভিস কোম্পানির আওতাভুক্ত হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে। পাশাপাশি ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুসারে প্রত্যেক এজেন্সিকে তাদের মোট হজযাত্রীর অন্তত ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে পাঠাতে হবে। এছাড়া প্রি-হজ ফ্লাইটের প্রথম ও শেষ পর্যায়ে মোট যাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশ পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে।
কোনো এজেন্সি প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ ধাপে ৩০ শতাংশের কম কিংবা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করতে পারবে না। নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্ধারিত এই শতাংশ মেনে বিমান টিকিট ইস্যু এবং একই সার্ভিস কোম্পানির যাত্রীদের একই ফ্লাইটে পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে হবে।

