রোমান্টিক সিনেমার আমেজ মাখানো একটি গান বর্তমানে ফেসবুক ও ইনস্টাগ্রাম রিলসে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। ‘দিলরুবা দিলনাশী’ গানের পেছনের কণ্ঠটি ভারতের অরুণাচল প্রদেশের গায়ক-গীতিকার রিতো রিবার। গানটি দিয়ে ভারতসহ গোটা উপমহাদেশের সংগীতপ্রেমীদের নজর কাড়ছেন তিনি।
তবে এই সাফল্যের যাত্রা শুরু হয়েছিল আজকের ট্রেন্ডিংয়ের অনেক আগেই। ২০২২ সালে নিজের লেখা ও সুর করা গান ‘হীর রঞ্জা’ গেয়ে ‘ইন্ডিয়ান আইডল ১৩’-এর অডিশনে অংশ নিয়েছিলেন রিবা। বিচারক ও দর্শকদের মন জয় করলেও শেষ পর্যন্ত সেরা ১৫-তে জায়গা করে নিতে পারেননি তিনি। বাদ পড়ার কষ্ট থাকলেও সংগীতের পথ থেকে সরে দাঁড়াননি এই শিল্পী।
রিতো রিবার সংগীতযাত্রা
অরুণাচল প্রদেশের পাসিঘাটে জন্ম ও বেড়ে ওঠা রিবা ছোটবেলা থেকেই মায়ের কণ্ঠে লোকগান শুনে বড় হয়েছেন। সংগীতের প্রতি তার আগ্রহ জন্মে খুব অল্প বয়সেই। ২০১৪–১৫ সালের দিকে তিনি ইউটিউবে বিভিন্ন গানের কভার আপলোড করতে শুরু করেন। ধীরে ধীরে নিজেই গান লেখা ও সুর করার দিকে ঝুঁকে পড়েন।
‘ইন্ডিয়ান আইডল’-এ অডিশনের পর তার পরিচিতি বাড়ে, বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের শ্রোতাদের কাছে। পরবর্তীতে ‘প্লে ডিএমএফ’ মিউজিক লেবেলের ব্যানারে মুক্তি পায় তার ‘হীর রঞ্জা’ গানটি। শিবঙ্গী যোশী ও রোহিত খান্ডেলওয়াল অভিনীত গানটির মিউজিক ভিডিও ইউটিউবে কোটি কোটি দর্শক দেখে।
এরপর একে একে প্রকাশিত হয় ‘মেরি বানোগি কেয়া’, ‘ইক তু হি হ্যায়’, ‘বাস তেরা’ এবং ‘ইবাদাতে’-এর মতো গান। পাশাপাশি ঈশান খট্টর ও তারা সুতারিয়া অভিনীত ‘পেয়ার আতা হ্যায়’ গানে শ্রেয়া ঘোষালের সঙ্গেও কণ্ঠ মেলান তিনি।
উল্লেখ্য, তার সর্বশেষ গান ‘দিলরুবা দিলনাশী’ জায়গা করে নিয়েছে পাঁচ গানের ইপি (এক্সটেন্ডেড প্লে) ‘দিলফেক’-এ, যা মুক্তি পায় চলতি বছরের ১৬ অক্টোবর। রেট্রো-পপ সুর, কাব্যিক কথা আর পুরোনো দিনের রোমান্টিক আবহের কারণে গানটি ইতোমধ্যেই অ্যালবামের অন্যতম সেরা সংযোজন হয়ে উঠেছে।
এই ইপিতে আরও রয়েছে ‘মখমলি’, ‘জোগানিয়া’, ‘জখমি’ এবং ‘জিকর হো’। ইন্ডি-পপ, রেট্রো-পপ ও রাজস্থানি লোকসংগীতের মিশেলে তৈরি এই গানগুলোতে ভালোবাসার নানা অনুভূতি তুলে ধরা হয়েছে।
গানটির প্রতি শ্রোতাদের সাড়াও চোখে পড়ার মতো। দ্য বেটার ইন্ডিয়া-এর তথ্য অনুযায়ী, ১৬ নভেম্বর নাগাদ ‘দিলরুবা দিলনাশী’ শাজাম ইন্ডিয়ার চার্টে ১ নম্বর এবং স্পটিফাই ইন্ডিয়ার ডেইলি চার্টে ৪ নম্বর স্থানে উঠে আসে।
হিন্দি গানের পাশাপাশি নিজের মাতৃভাষার প্রতিও ভালোবাসা ধরে রেখেছেন রিবা। ২০২৫ সালে তিনি প্রকাশ করেন পাঁচ গানের ইপি ‘নেটিভ নোটস’, যার গানগুলো তার মাতৃভাষা গালো ভাষায় গাওয়া।

