নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুই শ্রমিকের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। শরীরের ৮৭ শতাংশ পুড়ে যাওয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাশা (৪০)। একই ঘটনায় দগ্ধ অপর শ্রমিক রঞ্জিত (৪৫) এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় পাশার মৃত্যু হয়।
চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পাশার শরীরের ৮৭ শতাংশ দগ্ধ হয়েছিল। বিস্ফোরণের কারণে তাঁর শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে, রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ পুড়ে যাওয়ার পাশাপাশি শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে।
এর আগে শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকায় রতন ডাইং কারখানায় বিকট বিস্ফোরণের পর আগুন লাগে। এতে কারখানার দুই শ্রমিক দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন কারখানার দিকে ছুটে যান। সেখানে ধোঁয়া দেখতে পেয়ে ভেতর থেকে দগ্ধ দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, এ ঘটনায় শুক্রবার কারখানার মালিক আব্দুল বাসেত রতনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

