তিন পেসার ও এক স্পিনার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। দলের এমন বোলিং সমন্বয়কে ভারসাম্যপূর্ণ মনে করছেন লিটন দাস। তবে বাংলাদেশের তিন পেসারের বিপক্ষে ব্যাটিংয়ের সময় কৌশল সাজিয়েছিলেন ভিন্নভাবে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। উইকেটে টার্ন না থাকায় স্পিনারদের ওপর চড়াও হয়ে পেসারদের দ্রুত ফিরতে বাধ্য করাই ছিল মার্কাস অ্যাকারম্যান ও জুবায়ের হামজার পরিকল্পনা।
দিন শেষে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘তিন পেসার ও এক স্পিনারের সমন্বয় মোটেও খারাপ ছিল না। দলের ভারসাম্য ভালোই ছিল। মিরাজের কাছ থেকে হয়তো আরও নিয়ন্ত্রিত বোলিং প্রত্যাশা ছিল। সে যদি ১৬-১৭ ওভারে ৫০-৬০ রান দিতো, তাহলে প্রায় ৪০ রান কম হতো। তবে এমন দিন যেতেই পারে। আমি নিশ্চিত, সে ঘুরে দাঁড়াবে।’
অন্যদিকে অ্যাকারম্যান জানান, বাংলাদেশের তিন পেসার নিয়ে খেলার বিষয়টিকে নিজেদের ব্যাটিং পরিকল্পনায় কাজে লাগাতে চেয়েছিলেন তারা। বিশেষ করে উইকেটে স্পিনারদের জন্য তেমন সহায়তা না থাকায় তাদের আক্রমণ করাই ছিল লক্ষ্য।
অ্যাকারম্যান বলেন, ‘আমার ও হামজার পরিকল্পনাই ছিল স্পিনারদের চাপে রাখা। কারণ উইকেটে তেমন টার্ন ছিল না। তারা যেহেতু তিন পেসার নিয়ে খেলছে, তাই স্পিনারদের আক্রমণ করে পেসারদের দ্রুত বোলিংয়ে ফিরতে বাধ্য করার সুযোগ ছিল। এর সুফল হয়তো এখনই পাওয়া যাবে না, তবে আমাদের ইনিংস ১০০ ওভার পর্যন্ত এগোলে সেটি কাজে আসতে পারে।’
লিটন জানান এই উইকেটে ব্যাক অব লেংথে বল করে খুব বেশি সুবিধা পাওয়া যাচ্ছিল না। সেই তুলনায় হাসান সামনের দিকে বল ফেলে নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরেছেন, ‘হাসানের রানআপটা খুব স্মুথ। ওর বোলিংয়ে নিয়ন্ত্রণও ভালো। তাসকিন ও এবাদত একটু বেশি গতিতে বল করে এবং হার্ড লেংথে বোলিং করতে পছন্দ করে। কিন্তু এই উইকেটে ব্যাক অব লেংথে বল করে খুব বেশি সুবিধা পাওয়া যাচ্ছিলো না। হাসান তুলনামূলকভাবে সামনে বল করেছে, যেটা কাজে দিয়েছে।’
নতুন বলের চ্যালেঞ্জ সামলানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন অ্যাকারম্যান। তার লক্ষ্য ছিল নতুন বলের সময়টা পার করে দেওয়া, যাতে বাংলাদেশের পেসারদের দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ স্পেলে বোলিং করতে হয়। তাতে পরের ব্যাটারদের জন্য কাজটা সহজ হওয়ার সুযোগ তৈরি হয়।
১৫৭ রানের ইনিংস খেলা এই ব্যাটার বলেন, ‘আমরা জানতাম, নতুন বলটা গুরুত্বপূর্ণ হবে। বল তখন একটু বেশি দ্রুত ব্যাটে আসছিল, আবার কিছুটা অনিয়মিত আচরণও করছিল। আমাদের লক্ষ্য ছিল নতুন বলের সময়টা পার করে দেওয়া। তাহলে বোলারদের দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ স্পেলে যেতে হতো। তাতে পরের ব্যাটারদের জন্য কাজটা সহজ হতো।’
বাংলাদেশের প্রথম ইনিংসের ৪০০ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ২৮৭ রান। প্রথম ইনিংসে এখনও ১১৩ রানে পিছিয়ে প্রোটিয়ারা।

