প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর বিরোধিতা করলেও আড়ালে তাদের সমর্থন চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার (১৩ নভেম্বর) এমন বিস্ফোরক তথ্য তুলেছেন আরব জয়েন্ট লিস্টের সংসদ সদস্য (এমপি) আহমাদ তিবি।
নিজের এই দাবির বিপরীতে প্রমাণ হিসেবে নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেলের পাঠানো ব্যক্তিগত বার্তার কথাও সামনে আনেন তিবি। এ ঘটনায় ইসরায়েলের রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।
আহমাদ তিবির দাবি, বিরোধী দল ইয়াশারের চেয়ারম্যান গাদি আইজেনকোটের নেতৃত্বে বিকল্প সরকার গঠনের উদ্যোগ ঠেকাতে নেতানিয়াহুর পক্ষ থেকে আরব আইনপ্রণেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ করা হয়েছিল। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব অভিযোগ করেন তিনি।
তিবির ভাষ্য অনুযায়ী, নির্বাচনের এক সপ্তাহ আগে, ভোটগ্রহণ শেষ হওয়ার পরদিন ও নির্বাচনের ফল প্রকাশের পরও এশেল তাকে বার্তা পাঠিয়েছিলেন। সাক্ষাৎকারে নিজের মোবাইল ফোনের কয়েকটি বার্তা ক্যামেরার সামনে তুলে ধরেন তিনি। তবে ছবির মান অস্পষ্ট থাকায় দর্শকদের পক্ষে বার্তাগুলো পড়া সম্ভব হয়নি।
তিবির অভিযোগ, এসব যোগাযোগ নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানের সঙ্গে তার ব্যক্তিগত তৎপরতার বৈপরীত্য তুলে ধরে। প্রকাশ্যে আরব দলগুলোর সঙ্গে সহযোগিতার বিরোধিতা করলেও রাজনৈতিক প্রয়োজনে তাদের সমর্থন পাওয়ার চেষ্টা করেছে লিকুদ পার্টি।
সাধারণত ব্যক্তিগত কথোপকথন প্রকাশ করেন না বলে জানিয়েছেন আহমাদ তিবি। তবে নেসেটে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের পর নিজের অবস্থান পরিবর্তন করেছেন বলে জানান তিনি।
গত ১০ নভেম্বর নতুন নেসেটে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান। একই সঙ্গে রা’আম বা জয়েন্ট লিস্টের ওপর নির্ভরশীল কোনো জোট গঠনের বিরোধিতা করেন। এসময় আরব আইনপ্রণেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থন এবং ইসরায়েল রাষ্ট্রের ধ্বংস কামনার অভিযোগও তোলেন তিনি।
নেতানিয়াহুর বক্তব্যের তীব্র সমালোচনা করেন গাদি আইজেনকোট। তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘ঘৃণায় ভরা’ বলে আখ্যা দেন। আরব রাজনৈতিক দলগুলোও বক্তব্যটিকে বর্ণবাদী ও উসকানিমূলক বলে নিন্দা জানায়।
চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে তিবি বলেন, আপনি (নেতানিয়াহু) ভণ্ড। নির্বাচনের এক সপ্তাহ আগে, নির্বাচনের পরদিন এবং ফল প্রকাশের পরও আপনি আপনার ব্যক্তিগত উপদেষ্টাকে আমার কাছে পাঠিয়েছেন।
তিবি আরও জানান, নেতানিয়াহু সরকারের একজন মন্ত্রী চলতি সপ্তাহেও তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওই মন্ত্রী তাকে আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনের পক্ষে ভোট না দিতে ও নতুন নির্বাচনের পক্ষে অবস্থান নিতে অনুরোধ করেন।
তিবির দাবি, ওই মন্ত্রী তাকে বলেছিলেন, তাদের বিশ্বাস করবেন না, তারা আপনাদের নেবে না। বরং আমাদের আবার নির্বাচনে যাওয়াই ভালো।
তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিবি। তার ভাষ্য অনুযায়ী, জয়েন্ট লিস্ট নতুন নির্বাচন চায় না। তাদের লক্ষ্য নেতানিয়াহু ও কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরকে ক্ষমতা থেকে সরানো।
এসময় বেন গভিরের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তোলেন তিনি। তিবির দাবি, ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনির সহায়তায় বেন গভির দেশটির প্রায় ২০ লাখ আরব নাগরিকের বিরুদ্ধে উসকানিমূলক তৎপরতা চালাচ্ছেন।
এদিকে, নির্বাচনে কারচুপির মাধ্যমে জয় ছিনিয়ে নেওয়ার অভিযোগও প্রত্যাখ্যান করেছেন তিবি। এ প্রসঙ্গে তিনি বলেন, শুধু একজন চোরই অন্যদের চোর বলতে পারে।
তার মতে, একজন প্রধানমন্ত্রীর আরও দায়িত্বশীল আচরণ করা উচিত। তিনি অভিযোগ করেন, আরব জনগণের নেতৃত্ব ও ইসরায়েলের প্রায় ২০ লাখ আরব নাগরিককে অগ্রহণযোগ্য হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।
তবে আহমাদ তিবির সব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি। দলটি অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছে। চ্যানেল ১২-কে দেওয়া প্রতিক্রিয়ায় লিকুদ দাবি করেছে, আরব রাজনৈতিক দলগুলো নিজেদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠার চেষ্টা করছে।
নেতানিয়াহুর দল বলেছে, যেসব দল জাতীয় সংগীতের প্রতি অসম্মান দেখায় ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের ক্ষতি করে, তাদেরকে লিকুদ সহযোগিতা করে না।

