স্বর্ণের বাজারে এখন বেশ চড়া ভাব। দেশের বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণের গহনা কিনতে ভ্যাটসহ গুণতে হচ্ছে প্রায় ২ লাখ ২৭ হাজার টাকার মতো। অন্যদিকে, তুলনামূলক কম দামি বা সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিও পার হয়ে গেছে দেড় লাখ টাকার ঘর।
দেশের বাজারে স্বর্ণের এ দরদাম ঠিক করার দায়িত্বে থাকা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৬ নভেম্বর সকাল ১০টা থেকে স্বর্ণের গহনার এ নতুন দাম কার্যকর করেছে। পরবর্তী কোনো ঘোষণা বা নতুন দাম না আসা পর্যন্ত ক্রেতাদের এই নির্ধারিত মূল্যেই স্বর্ণ কিনতে হবে।
৬ নভেম্বর ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা। তার আগে টানা তিন দফা দাম বাড়ানো হয়। তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম বাড়ানো হয় ১২ হাজার ৭২ টাকা।
বাজুস নির্ধারণ করা সর্বশেষ দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।

