‘রামায়ণ’ নিয়ে এখন সরগরম গোটা ভারত। পৌরাণিক এই কাহিনি বড়পর্দায় তুলে ধরা নিয়ে আলোচনা-সমালোচনারও শেষ নেই। ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। এই চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে প্রায় এক বছর কঠোর জীবনযাপন করেছেন অভিনেতা। তবে ছবিটি ঘিরে আলোচনার মধ্যেই এবার নিজের অভিনয়জীবনের ভবিষ্যৎ নিয়ে চমকপ্রদ মন্তব্য করেছেন তিনি।
রণবীর জানিয়েছেন, অভিনেতা হিসেবে তার ক্যারিয়ারের এটাই শেষ দশক হতে পারে। অর্থাৎ আগামী এক দশক পর অভিনয় থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে তার। তবে এখনই অভিনয় ছাড়ছেন না তিনি। বরং আগামী কয়েক বছরের মধ্যে ধীরে ধীরে পরিচালনার দিকে মনোযোগ দিতে চান।
‘রামায়ণ’ ছবির প্রচার চলাকালে এক সাক্ষাৎকারে রণবীর জানান, চলচ্চিত্র পরিচালনার প্রতি তার আগ্রহ দীর্ঘদিনের। এর আগেও একাধিকবার পরিচালনায় আসার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। এরই মধ্যে নতুন কিছু চিত্রনাট্য নিয়েও ভাবনাচিন্তা শুরু করেছেন এই অভিনেতা।
পরিচালনায় অভিষেকের পরিকল্পনা জানিয়ে রণবীর বলেন, ‘আমি সত্যিই চাই, আগামী দু-তিন বছরের মধ্যে আমার পরিচালনায় প্রথম সিনেমার কাজ শুরু করতে।’
অভিনয়জীবনের শেষ দশক নিয়ে রণবীরের এমন মন্তব্যে মন খারাপ হয়েছে অনেক ভক্তের। সামাজিক মাধ্যমে এক অনুরাগী লিখেছেন, ‘এমন কথা একদম বলবেন না রণবীর। সবে ৪৪ বছর বয়স, এখনই অভিনয় ছাড়বেন না। দয়া করে ৮৫ বছর বয়স পর্যন্ত অভিনয় করুন।’
অভিনয়জীবনের শেষ দশক নিয়ে রণবীরের এমন মন্তব্যে মন খারাপ হয়েছে অনেক ভক্তের। সামাজিক মাধ্যমে এক অনুরাগী লিখেছেন, ‘এমন কথা একদম বলবেন না রণবীর। সবে ৪৪ বছর বয়স, এখনই অভিনয় ছাড়বেন না। দয়া করে ৮৫ বছর বয়স পর্যন্ত অভিনয় করুন।’
অভিনয় থেকে এখনই বিদায় নেওয়ার ঘোষণা দেননি রণবীর। তবে আগামী দিনে অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও নিজের দক্ষতা প্রমাণ করতে চান তিনি। সেই লক্ষ্যেই নতুন করে প্রস্তুতি নিচ্ছেন বলিউডের এই অভিনেতা।

