প্রথম দিনে আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ ছিল বেশ কিছুক্ষণ। তৃতীয় সেশনে আলো বাড়ার কারণে আবারও মাঠে নামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু খুব বেশিক্ষণ না। মাত্র ৫ ওভার খেলা হলো। এরপর দিনের খেলাই শেষ করে দিতে বাধ্য হন আম্পায়াররা।
অর্থাৎ প্রথম দিনে সব মিলিয়ে খেলা হয়েছে মোট ৭০ ওভার। নির্ধারিত ৯০ ওভারের চেয়ে ২০ ওভার কম হলো প্রথম দিনের খেলা। তাতে এগিয়ে থাকলো সফরকারী ওয়েস্ট ইন্ডিজই।
মিডল অর্ডার ব্যাটার আমির জাঙ্গুর সেঞ্চুরিতে ভর করে প্রথম দিন শেষে ৭০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ালো ৪ উইকেট হারিয়ে ২৩৫ রানে। ১১১ রানে জাঙ্গু এবং ৩৫ রান নিয়ে ব্যাট করছেন জাস্টিন গ্রিভস।
দুজনই উইকেটে সেট। কিছুটা শীত পড়েছে। কুয়াশাও থাকে সকালে। দ্বিতীয় দিনের সকালে সেই ময়েশ্চারকে কাজে লাগিয়ে বাংলাদেশের পেসাররা কিছু করতে পারলে ওয়েস্ট ইন্ডিজকে তিনশর মধ্যে আটকে দেয়া সম্ভব।
প্রথম দিনের সকালে বল হাতে আগুন ঝরিয়েছিলেন তাসকিন আহমেদ আর হাসান মাহমুদ। দ্বিতীয় দিনের সকালেও তাদের দিকে তাকিয়ে বাংলাদেশ।

