নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিস্কুটের প্যাকেটের ভেতরে লুকিয়ে রাখা ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মোছা. আকলিমা (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তিশা পরিবহনের একটি বাস থেকে তাঁকে আটক করা হয়।
সোমবার (২ নভেম্বর) সকালে এসআরবি-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এর আগে রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সোনারগাঁয়ের মহাসড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার আকলিমা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কাশীরামপুর গ্রামের রাজেশ সিকদারের স্ত্রী।
এসআরবি-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোনারগাঁয়ের বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কে চেকপোস্ট বসায় আভিযানিক দল। এ সময় তিশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে বাসের সাধারণ যাত্রী হিসেবে থাকা আকলিমার চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন অভিযান পরিচালনাকারীরা। পরে তাঁর সঙ্গে থাকা লেক্সাস বিস্কুটের প্যাকেট খুলে পরীক্ষা করা হলে ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে তাঁকে মাদকসহ গ্রেপ্তার করা হয়।
ক্যাপ্টেন রওনক এরফান খান জানান, গ্রেপ্তার আকলিমা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক তথ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন কৌশলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১১।

