বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি শহিদ কাপুর ও মীরা রাজপুত। দীর্ঘ দাম্পত্য জীবনেও তাদের রসায়ন মুগ্ধ করে ভক্তদের। তবে তাদের প্রেম ও বিয়ের শুরুর দিকের গল্পগুলোও বেশ মজার। সম্প্রতি ছোট ভাই ঈশান খট্টরকে সঙ্গে নিয়ে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে হাজির হয়েছিলেন শহিদ ও মীরা। সেখানেই প্রথম সাক্ষাতের একটি অজানা ঘটনা সামনে আনেন এই তারকা দম্পতি।
শহিদের সঙ্গে প্রথম দেখা হওয়ার স্মৃতিচারণ করতে গিয়ে মীরা জানান, কয়েক ঘণ্টা কথাবার্তার পর হঠাৎ তার কাছে অদ্ভুত এক আবদার করেন অভিনেতা। নিজের জুতার ছবি তুলে দিতে বলেন তাকে। এমন আবদারে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন মীরা।
মীরা বলেন, ‘২-৩ ঘণ্টা কথা বলার পর ও হঠাৎ আমাকে ফোন বের করে ওর জুতোর ছবি তুলতে বলে! আমরা প্রথমবার দেখা করছি, আর ও আমাকে ওর জুতোর ছবি তুলতে বলছে! আমি তো অবাক। ফ্ল্যাশ জ্বালিয়ে ছবি তুলে যখন দেখালাম যে এতে বিশেষ কী আছে, তখন ও খুব গর্ব করে বলল-আমার জুতা অন্ধকারে জ্বলে! আমি তো ভেবেই পাচ্ছিলাম না এতে এত বিশেষ কী আছে!’
মীরার কাছে বিষয়টি অদ্ভুত মনে হলেও এর পেছনে বিশেষ কারণ ছিল। শহিদ জানান, পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশ থেকে বাঁচতে এমন বিশেষ জুতা ব্যবহার করতেন তিনি। প্রথম সাক্ষাতের সময় দুজনের বয়সের পার্থক্য নিয়েও মজার ব্যাখ্যা দেন অভিনেতা।
শহিদের ভাষ্য, ‘আমাদের যখন প্রথম দেখা হয়, তখন মীরার বয়স ২০ আর আমার ৩৪। আমাদের চিন্তাভাবনা মিলবে কি না ভাবতেই ভাবতেই কীভাবে যে ৭ ঘণ্টা কেটে গেল বুঝতেই পারিনি! আর ও যে সিনেমা জগতের কেউ নয়, ফ্ল্যাশ-অ্যাবজর্বিং জুতোর ফান্ডা যে ও বুঝবে না-সেটা আমি ভুলেই গিয়েছিলাম!’
অনুষ্ঠানে বিয়ের আগে মীরার পরিবারের সঙ্গে প্রথম সাক্ষাতের ঘটনাও তুলে ধরেন শহিদ। তখন ‘উড়তা পাঞ্জাব’ সিনেমার শুটিং করছিলেন তিনি। মাথায় ছিল সিনেমাটিতে অভিনীত টমি সিং চরিত্রের পরিচিত সবুজ চুল। সেই অবস্থাতেই মীরার দিল্লির বাড়িতে হাজির হয়েছিলেন অভিনেতা।
শহিদ জানান, বাড়ির দরজা খুলেছিলেন তার হবু শ্বশুর। পেশায় প্রকৌশলী ও আইআইটির সাবেক শিক্ষার্থী মীরার বাবাকে নিজের সবুজ চুলের লুক দেখে কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি।
সেই স্মৃতি মনে করে শহিদ বলেন, ‘দরজা খুলেছিলেন আমার শ্বশুরমশাই। তিনি অত্যন্ত ডিসিপ্লিনড একজন মানুষ, একজন ইঞ্জিনিয়ার ও আইআইটিয়ান। আমার সবুজ চুল আর লুক দেখে উনি দরজাতেই কিছুক্ষণ ফ্রিজ হয়ে থ মেরে দাঁড়িয়ে রইলেন! তার মুখের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল উনি ভাবছেন-কার হাতে নিজের মেয়েকে দিচ্ছি আমি! আমি তার সেই মুখটা কোনোদিন ভুলব না।’
এদিকে বিয়ের পর শহিদের ‘উড়তা পাঞ্জাব’ সিনেমা দেখেও বেশ অস্বস্তিতে পড়েছিলেন মীরা। এডিটিং রুমে একসঙ্গে সিনেমাটি দেখেছিলেন তারা। সিনেমা শেষ হওয়ার পর মীরার প্রতিক্রিয়া জানিয়ে শহিদ বলেন, ‘সিনেমা শেষ হওয়ার পর ও সোফার অন্য প্রান্তে বসে ছিল। ভীষণ উদ্বেগে ছিল ও, ভাবছিল কাকে বিয়ে করে ফেলল!’
অনুষ্ঠানে ‘কবীর সিং’ সিনেমা নিয়েও মজার আলোচনা হয়। সঞ্চালক কপিল শর্মা ছবিটি নিয়ে ঠাট্টা করলে শহিদ জানান, মীরাই তাকে সিনেমাটিতে অভিনয়ের জন্য রাজি করিয়েছিলেন। অন্যদিকে মীরা বলেন, বিয়ের আগে শহিদের হাতে গোনা কয়েকটি সিনেমা দেখেছিলেন তিনি। এর মধ্যে ‘জব উই মেট’ ছিল তার অন্যতম প্রিয়।
উল্লেখ্য, ২০১৫ সালে বিয়ে করেন শহিদ কাপুর ও মীরা রাজপুত। তাদের সংসারে রয়েছে দুই সন্তান-মেয়ে মিশা ও ছেলে জাইন। ২০১৬ সালে জন্ম হয় মিশার, আর ২০১৮ সালে তাদের পরিবারে আসে জাইন। দীর্ঘ দাম্পত্য জীবনের পরও একে অপরের সঙ্গে তাদের হাসি-ঠাট্টা ও খুনসুটির সম্পর্ক যে আগের মতোই রয়েছে, কপিল শর্মার অনুষ্ঠানে তাদের আড্ডাতেই তা আবারও স্পষ্ট হয়েছে।

