নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ৬৪২ বোতল ফায়ারড্রিল ও একটি ট্রাকসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গুতিয়াব এলাকায় প্রগতি স্কুলের পশ্চিম পাশে একটি সেতুর পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী জেলার বাঘা থানার মনিগ্রাম এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে শিমুল হোসেন (৩৬) এবং একই থানার পার সাওতা বিনোদপুর এলাকার আব্দুল লতিফের ছেলে ইয়ামিন আলী (২১)।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিনের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) অজয় কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ সময় তাদের কাছ থেকে ৬৪২ বোতল ফায়ারড্রিল উদ্ধার করা হয়। পাশাপাশি একটি ট্রাক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিস্তার রোধে নারায়ণগঞ্জ জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

