ভয় আর অনিশ্চয়তায় কখন কোথায় বিপদ হাজির হয়, তা নিয়ে উদ্বেগে থাকতে হচ্ছে সৌদি আরবের বাসিন্দাদের। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় নিরাপত্তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা।
এমন পরিস্থিতিতে দেশটির দুই শহর আভা ও নাজরানে জরুরি সতর্কতা জারি করে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। পরে, অবশ্য দুই শহরেই বিপদ কেটে যাওয়ার কথা জানানো হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সৌদি আরবের জাতীয় আগাম সতর্কীকরণ ব্যবস্থার মাধ্যমে প্রথমে নাজরান ও আভা শহরের বাসিন্দাদের সতর্ক করা হয়।
সম্ভাব্য বিপদের আশঙ্কায় তাদের সতর্ক থাকতে এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়।
পরে, পৃথক সতর্কবার্তায় দুই শহরেই বিপদ কেটে যাওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। তবে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও বাসিন্দাদের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
একই সঙ্গে, জনসমাগম এড়িয়ে চলা এবং ছবি বা ভিডিও ধারণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে জরুরি সেবায় যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়।
তবে, প্রাথমিক সতর্কবার্তায় কী ধরনের হুমকি তৈরি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা-ও স্পষ্ট নয়।
ইয়েমেনের হুথি গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে উত্তেজনার মধ্যেই সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। সম্প্রতি দেশটি বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকির মুখে পড়েছে।
হুথি গোষ্ঠী সৌদি আরবের বিভিন্ন স্থাপনা নিশানা করে হামলার দাবি করেছে। অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটও হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে। এ কারণে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
তবে, মঙ্গলবার আভা ও নাজরানে জারি করা জরুরি সতর্কতার সঙ্গে কোনো নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। কর্তৃপক্ষও সতর্কতার কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

