নারায়ণগঞ্জের বন্দরে উপজেলা কৃষি অফিসের পুরোনো ভবনের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে তিন কৃষি কর্মকর্তা আহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ভবনটির দ্বিতীয় তলার কনফারেন্স রুমে সভা চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সায়েদুল ইসলাম, মোহাম্মদ কামরুজ্জামান ও মাহমুদা আখতার। দুর্ঘটনার পর তাঁদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ভবনটির জরাজীর্ণ অবস্থা পর্যবেক্ষণ করেন।
ইউএনও শিবানী সরকার বলেন, ১৯৭৭ সালে নির্মিত ভবনটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিকল্প কোনো জায়গা না থাকায় বাধ্য হয়ে এখানেই সভাসহ দাপ্তরিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।
তিনি আরও বলেন, ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়টি জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে। আশা করা হচ্ছে, এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
পুরোনো ভবনটির ছাদ থেকে পলেস্তারা খসে তিন কর্মকর্তার আহত হওয়ার ঘটনায় সেখানে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

