নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যা মামলার আসামি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরীফের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে উপজেলার কৃষ্ণপুরা এলাকায় তাঁর বসতবাড়িতে অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন করে মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম শরীফ (৩১) আড়াইহাজার উপজেলার কৃষ্ণপুরা এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল কাদির ও সুজাতা বেগমের ছেলে। বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি হিসেবে গত ১০ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হলে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁর হেফাজতে অবৈধ অস্ত্র থাকার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। এর ভিত্তিতে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অস্ত্র উদ্ধারে অভিযান চালায়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার ভোর ৪টা ৫৫ মিনিটে শফিকুল ইসলাম শরীফকে সঙ্গে নিয়ে তাঁর বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর দেখানো মতে, বসতঘরের উত্তর পাশের একটি সংকীর্ণ স্থানে বিশেষভাবে লুকিয়ে রাখা পলিথিনের ভেতর থেকে একটি সিলভার রঙের বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটির সঙ্গে দুই পাশে কাঠের বাটযুক্ত খালি ম্যাগাজিনও ছিল। পরে উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন জব্দতালিকার মাধ্যমে জব্দ করে পুলিশ।
অভিযানে ‘সি’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রাকিবুল আলমসহ আড়াইহাজার থানার পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
পুলিশ আরও জানায়, অস্ত্র উদ্ধারের ঘটনায় শফিকুল ইসলাম শরীফের বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এ) ধারায় মামলা করা হয়েছে। পরে তাঁকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়।
তবে উদ্ধার করা অস্ত্রটি কী ধরনের কাজে ব্যবহৃত হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে তদন্তের অগ্রগতি ও অস্ত্রের উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।

