নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে ফতুল্লার হাজীগঞ্জ ওয়াবদারপুল ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমান গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর ধুমাইটারী এলাকার মোখলেসুর মিয়ার ছেলে। তিনি ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় ফয়সাল নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে হাজীগঞ্জ ওয়াবদারপুল ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মিজানুর রহমানকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মিজানুর রহমানের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

