যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম বলেছেন, নারায়ণগঞ্জের ফতুল্লার শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামকে আবারও খেলাধুলার উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নগরীর ওসমানী পৌর স্টেডিয়ামকে মাস্টারপ্ল্যানের আওতায় এনে আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম ও ওসমানী পৌর স্টেডিয়াম পরিদর্শন শেষে এসব কথা বলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম।
স্টেডিয়াম পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া সচিব বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে একটি বিশেষজ্ঞ দল ইতোমধ্যে স্টেডিয়ামটি পরিদর্শন করেছে। তারা পুরো অবকাঠামো পর্যালোচনা করে মাঠটিকে কীভাবে আগের মতো খেলার উপযোগী করা যায়, সে বিষয়ে ধারণা দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে স্টেডিয়ামের আউটডোর অংশে মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে। আরও কিছু কাজ বাকি রয়েছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে মাটি ভরাটের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
স্টেডিয়ামের অবকাঠামো পুনর্নির্মাণ বিষয়ে মাহবুব উল আলম বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে একটি প্রকল্প দাখিল করা হলে সেটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে। প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে।’
তিনি বলেন, ‘আশা করছি, স্টেডিয়ামটির পূর্বের যে ঐতিহ্য ছিল, সেটি আবার ফিরিয়ে আনতে পারব। জেলা প্রশাসন, বিসিবি, জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রণালয় সবার সম্মিলিত প্রচেষ্টায় এর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।’
এর আগে নগরীর ওসমানী পৌর স্টেডিয়াম পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব। সেখানে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা। এ জেলা থেকে অনেক খেলোয়াড় জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করেছেন। কিন্তু এখানে থাকা অবকাঠামোকে এখনো একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম হিসেবে গড়ে তোলা হয়নি।’
তিনি আরও বলেন, ‘এটাকে কীভাবে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম হিসেবে গড়ে তোলা যায়, সে বিষয়ে আমরা জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। আমরা এটিকে একটি মাস্টারপ্ল্যানের আওতায় এনে পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্স হিসেবে গড়ে তুলতে চাই।’
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন, পরিচালক মাসুদুজ্জামান মাসুদ, জেলা প্রশাসক মো. রায়হান কবির ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তারা।

