নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় লোকালয়ে কুমিরের উপস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত শনিবার রাতে স্থানীয় কয়েকজন বাসিন্দা প্রথম কুমিরটি দেখতে পান। পরে সেটি একটি পুকুর থেকে পাশের আরেকটি পুকুরে চলে যায়। কুমিরটি উদ্ধারে বন বিভাগ, প্রাণিসম্পদ বিভাগ ও ঢাকার বন্য প্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা চেষ্টা করলেও এখনো সেটিকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাতে প্রথমে একটি পুকুরে কুমিরটি দেখতে পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে আশপাশের এলাকায় আতঙ্ক তৈরি হয়। পরে কুমিরটি পাশের আরেকটি পুকুরে চলে যায়। রোববার দিনভর ওই পুকুরে জাল ফেলে কুমিরটি ধরার চেষ্টা করা হলেও সফলতা আসেনি।
ঘটনার খবর পেয়ে রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা। পরে ঢাকার বন্য প্রাণী উদ্ধারকারী দলের সদস্যরাও সেখানে গিয়ে কুমিরটি উদ্ধারের চেষ্টা করেন।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার বলেন, ‘শনিবার রাতে তিনগাঁও এলাকায় কুমিরটি প্রথম দেখা যায়। পরদিন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়দের সতর্ক করতে এলাকায় মাইকিং করা হয়েছে। কুমিরটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
বন্দর উপজেলা বন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কুমিরটি ধরার চেষ্টা করেছেন। পরে ঢাকার বন্য প্রাণী উদ্ধারকারী দলও উদ্ধার অভিযানে অংশ নেয়। তবে কুমিরটি ধরা সম্ভব হয়নি।
তিনি বলেন, তিনগাঁও এলাকার আশপাশে কোনো নদী নেই। কাছাকাছি নদীও বেশ দূরে। ফলে কুমিরটি কীভাবে ওই এলাকায় এসেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আল মাহমুদ হাসান বলেন, কুমিরটি দেখে মিঠাপানির কুমির বলে ধারণা করা হচ্ছে। এ ধরনের কুমির সাধারণত শান্ত স্বভাবের হলেও বন্য প্রাণীর আচরণ কখন পরিবর্তন হবে, তা নিশ্চিত করে বলা যায় না। তাই স্থানীয়দের কুমিরটির কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কুমিরটি বর্তমানে যে পুকুরে অবস্থান করছে, সেটি কচুরিপানায় প্রায় পুরোপুরি ঢেকে গেছে। ফলে কুমিরটির সঠিক অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। অবস্থান নিশ্চিত করা না গেলে উদ্ধার অভিযানও জটিল হয়ে পড়বে।
এদিকে কুমিরটি উদ্ধারের আগ পর্যন্ত স্থানীয়দের সতর্ক থাকার পাশাপাশি পুকুরের আশপাশে অযথা ভিড় না করার আহ্বান জানিয়েছে প্রশাসন।

