নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ১৬ মাদকসেবীকে সামারি ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া ও নিমাইকাশারী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে বিচারক সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন—মো. বাদশা (২২), মো. নবী হোসেন (২৬), আবু সালেহ বাধন (২৪), মো. নবী (৩৬), রিপন (৪২), মো. শাহিন (৪০), মোতাহার (৪২), মো. আমির হোসেন (৩০), মো. মিলন (২৯), মো. মাসুদ (২৮), জাহাঙ্গীর আলম (২২), জাহিদুল ইসলাম (৩০), মিন্টু (৩৫), টিপু (৩২), মো. রফিক (২৯) ও শ্যামল সরকার (৪৭)।
পুলিশ জানায়, সাজাপ্রাপ্তদের মধ্যে দুজনকে ৩০ দিন, দুজনকে ২৫ দিন, আটজনকে ২০ দিন এবং চারজনকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া চারজনকে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে ভবিষ্যতেও অভিযান পরিচালনার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা ও সামারি ট্রায়াল অব্যাহত থাকবে।

