দ্বীন, শরিয়ত ও নৈতিকতাভিত্তিক শিক্ষা ছাড়া শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ইসলামী চিন্তাবিদ মাওলানা মঈনুদ্দিন আহমাদ।
তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও নীতিকে অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্র পরিচালনা করা গেলে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকটের স্থায়ী সমাধান সম্ভব।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় ‘আদর্শ স্কুল নারায়ণগঞ্জ’-এর বার্ষিক মেধা, সাহিত্য-সংস্কৃতি পুরস্কার প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মনিরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের সভাপতি আলহাজ মো. সামছুল হক।
মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, দ্বীন, শরিয়ত ও নৈতিকতার সমন্বয়ে যে শিক্ষা অর্জিত হয়, সেটিই প্রকৃত মানসম্পন্ন শিক্ষা। ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা থেকে বিচ্ছিন্ন শিক্ষা নিয়ে বড় ধরনের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি অর্জন করলেও তা সমাজ ও দেশের টেকসই উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখতে পারে না।
তিনি বলেন, মানুষ বর্তমানে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও জাতীয় পর্যায়ে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এসব সংকট মোকাবিলার পাশাপাশি মানুষের পরকালীন জীবনের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। ইহকাল ও পরকালের সফলতার জন্য রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও আদর্শ অনুসরণ করা প্রয়োজন।
শিক্ষার্থীদের কোরআন ও নৈতিক শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জ্ঞান অর্জনের ক্ষেত্রে মহানবী (সা.)-এর বিনয়, একাগ্রতা ও মনোযোগ থেকে শিক্ষার্থীদের শিক্ষা নেওয়া উচিত।
মাওলানা মঈনুদ্দিন আহমাদ আরও বলেন, আদর্শ স্কুল নারায়ণগঞ্জ শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি চরিত্রবান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে। এখান থেকে সংবর্ধনা পাওয়া কৃতি শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথি আলহাজ মো. সামছুল হক বলেন, আদর্শ স্কুলের শিক্ষার্থীরা এবার ভালো ফলাফল করেছে। তবে পরীক্ষার ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়াও জরুরি। শিক্ষার মান যত উন্নত হবে, জাতির অগ্রগতিও তত বেশি হবে।
তিনি বলেন, আদর্শ স্কুলের লক্ষ্য শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার কিংবা আইনজীবী তৈরি করা নয়; একই সঙ্গে নামাজি, নৈতিকতাসম্পন্ন ও আদর্শ মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলাও প্রতিষ্ঠানটির অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে আদর্শ মহিলা মাদরাসার সভাপতি ডা. আলী আশরাফ খান, ব্যবসায়ী ও সমাজসেবক শহিদুর রহমান বাঙালিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
পরে বার্ষিক মেধা তালিকা, সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতায় বিজয়ী এবং বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও বই তুলে দেওয়া হয়।

